
গণতন্ত্র অনুশীলনের মধ্য দিয়ে সেই মানুষগুলোই বেরিয়ে আসবে, যারা মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি
রাষ্ট্রের সকল স্তরে গণতন্ত্র প্রাকটিসের ইচ্ছা প্রকাশের পাশাপাশি তিনি বলেন, অনেক কিছু করতে চাচ্ছি না, কিছু জিনিস করব, তবে ঠিকমত করব। দেশের আইটি সেক্টর নিয়ে বিজয়ীদের প্রশ্নের জবাবে তারেক রহমান হতাশ না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হুট করে জাম্প না দিয়ে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের ওপর এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে জনমতে (৩০ শতাংশ মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। নির্বাচিত এই ১০ জনই আজ তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।