1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

দেশের ৭৭% ভোটার মনে করেন রাস্তা-কালভার্টই উন্নয়ন

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩

দেশের ভোটারদের কাছে উন্নয়নের সংজ্ঞা এখনো দৃশ্যমান অবকাঠামোতেই সীমাবদ্ধ। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা ও কালভার্ট নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টি হওয়া মানেই উন্নয়ন নিশ্চিত হওয়া। উন্নয়নের এই অবকাঠামো-কেন্দ্রিক ধারণা আগামী জাতীয় নির্বাচনে ব্যালট পেপারেও বড় প্রভাব ফেলতে যাচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এক জরিপের ফলাফল উপস্থাপনের সময় এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জরিপে ১৫০টি নির্বাচনি এলাকার ৪৫০ জন নির্বাচন প্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি ও বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে।

সিপিডির জরিপে দেখা গেছে, শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সঙ্গে ব্রিজ ও সড়ক নির্মাণের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন। পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি), উপকূলীয় অঞ্চল, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলে এ ধারণা প্রবল। এছাড়া, উন্নয়ন বলতে অধিকাংশ ভোটার এখনো সড়ক, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য দৃশ্যমান অবকাঠামো প্রকল্পকেই প্রধান সূচক হিসেবে দেখছেন। ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা গেছে।

জরিপে আরও উঠে এসেছে, প্রায় ৬১ শতাংশ ভোটার পরিবেশ রক্ষার উপায় হিসেবে গাছ লাগানো ও প্লাস্টিক ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন। রাজনৈতিক প্রার্থীরাও প্রায় একই ধরনের সমাধানের কথা বলেছেন।

নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন— এমন ভোটারের হার ৪৭ শতাংশ। প্রার্থীদের ক্ষেত্রে এই হার প্রায় ৪২ শতাংশ। তবে নবায়নযোগ্য জ্বালানিকে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখার ক্ষেত্রে এখনো ঘাটতি আছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় আরও দেখা যায়, পরিবেশ ও অর্থনীতির তুলনায় সামাজিক স্তম্ভকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন ভোটার ও প্রার্থীরা। ভোটারদের কাছে দারিদ্র্য, আয় ও কর্মসংস্থানের চাপ এতটাই প্রবল যে সামাজিক বিষয়গুলো তাদের কাছে গৌণ হয়ে উঠছে।

মিডিয়া ব্রিফিংয়ে জরিপের তথ্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। উপস্থিত ছিলেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত, অনুষ্ঠান সহযোগী সামি মোহাম্মদ, মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park