1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪

আজ সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের সকাল উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।

ঢাকা-৬: জীবনের প্রথম ভোট দিয়ে আজমির জাহানের উচ্ছ্বাস

ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এই বিদ্যালয়ে মোট ৪টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে দুটি নারী ও দুটি পুরুষ কেন্দ্র। কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।

এই কেন্দ্রে আজ সবার আগে প্রথম ভোটটি প্রদান করেন তরুণী আজমির জাহান। জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত আজমির বলেন, জীবনে প্রথম এবং আজই সবার আগে ভোট দিয়েছি। কেন্দ্রের পরিবেশ খুবই শান্তিপূর্ণ। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভোটের যে চিত্র দেখেছি, এবারের পরিবেশ তার চেয়ে একদম ভিন্ন। জীবনের প্রথম ভোটটি ন্যায় ও ইনসাফের পক্ষে দিতে পেরে আমি খুবই আনন্দিত।

তবে এই কেন্দ্রে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন অনেক ভোটার। অনেকেই কেবল ভোটার আইডি কার্ড নিয়ে কেন্দ্রে চলে আসায়, দায়িত্বরত কর্মকর্তারা তাদের প্রথমে ভোটার স্লিপ সংগ্রহ করার পরামর্শ দিচ্ছেন। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং ১১ দলীয় জোটের প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের মধ্যে।

ঢাকা-৫ ও ঢাকা-১১: গেট খোলার আগেই ভোটারদের ভিড়

ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকার ‘শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ’ কেন্দ্রে সকাল সাতটার আগেই ভোটাররা জড়ো হন। মানিক নামে এক ভোটার তার উৎসাহ প্রকাশ করে বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে গেট থেকেই বের করে দেওয়া হয়েছিল। এবার অনেক আশা নিয়ে ভোরেই আসছি।’

অন্যদিকে, ঢাকা-১১ আসনের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠে সকাল সাড়ে ছয়টা থেকেই মানুষ লাইন ধরতে শুরু করেন। সরজমিনে দেখা গেছে, বয়স্ক ভোটাররাই সকাল সকাল কেন্দ্রে আসার ক্ষেত্রে বেশি এগিয়ে। এই আসনে এনসিপির নাহিদ ইসলাম এবং বিএনপির ড. এম এ কাইয়ুম সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৯: উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের দাবি

ঢাকা-৯ আসনের সবুজবাগ মাদারটেক বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ছয়টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছেন। ভোটাররা এবারের পরিবেশকে গত কয়েকটি নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও আনন্দঘন বলে দাবি করছেন। স্থানীয় বাসিন্দা কামরুল আহসান বলেন, ‘গত তিনবার ভোট দিতে পারিনি। তাই এবার ফজরের নামাজ পড়েই চলে আসছি।’ ফিরোজ মাহমুদ নামে এক তরুণ ভোটার জানান, ঝামেলা এড়াতে এবং নিজের অধিকার প্রয়োগ নিশ্চিত করতেই তিনি একদম ভোরে কেন্দ্রে এসেছেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, ১১ দলীয় জোটের (শাপলা কলী প্রতীক) মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন এবং হাতপাখা মার্কার শাহ ইফতেখার আহসান।

রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজেও ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রের মূল ফটক খোলার আগেই ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। ভোটারদের মতে, তারা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যারা সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের জন্য কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park